বার্তা সংস্থা আবনা : বাহরাইনের কসাই-খ্যাত ব্রিটিশ কর্মকর্তা ইয়ান হেন্ডারসন মারা গেছে। ১৯৭০ সালের দিকে বাহরাইনের কারাবন্দিদের ওপর নির্যাতন চালানোর জন্য তাকে নিয়োগ দেয় আলে খলিফা সরকার।
বাহরাইনের বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতন চালানোর আগে হেন্ডারসন বর্বর কৌশলে কেনিয়ার মাউ মাউ কর্মীদের ওপর নির্যাতন চালানোর জন্য কুখ্যাতি অর্জন করে।
হেন্ডারসন গতকাল (রোববার) মারা গেলেও তার বর্বর অত্যাচার-নির্যাতনের কৌশল মরে যায়নি বরং বাহরাইনে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে।
দেশটির কারাগারে হাজার হাজার বিরোধী নেতা-কর্মী আটক রয়েছেন। তবে, ২০১১ সালে প্রচণ্ড চাপের মুখে আলে খলিফার সরকার তিনশ’ জনকে মুক্তি দেয়া হয়।
বাহরাইনে চলমান সমস্ত দমন-পীড়নের দায় ব্রিটিশ সরকারকে নিতে হবে বলে ঘোষণা দিয়েছে বিরোধী জোট আল-ওয়েফাক। কারণ হিসেবে এ জোট বলেছে, বাহরাইনের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ব্রিটিশ নিরাপত্তা কর্মীরা প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া, মুক্তি পাওয়া কোনো কোনো বন্দি জানিয়েছেন, ৭০ দশকের বর্বর কৌশল অনুসরণ করেই এখন কারাগারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।